সমস্যাঃ ডায়াবেটিস রোগে আমরা দুজনই আক্রান্ত। আমার বয়স ৫০। আর স্বামীর বয়স ৬৩। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছি। আমার ডায়াবেটিস হয়েছে তিন বছর। আর স্বামীর হয়েছে সাত বছর। আমার মায়েরও ডায়াবেটিস আছে। কীভাবে চললে আমরা এ রোগ থেকে মুক্তি পাব? এ রোগ কি পুরোপুরি সেরে যায়? আমাদের চার সন্তান, ওরা কীভাবে এ রোগ থেকে দূরে থাকতে পারবে?
মেহেরুন্নেছা রশিদ,
উত্তর আগ্রাবাদ, শান্তিবাগ, চট্টগ্রাম।
পরামর্শঃ এক অর্থে বললে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তবে একে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যাবে অবশ্যই। আর ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে রাখার একমাত্র উপায় হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে জীবন যাপন করা।
চিকিৎসকের দেওয়া খাদ্যতালিকা ও ওষুধপত্রের ডোজ পুরোপুরি মেনে চলা, নিয়মিত কায়িক পরিশ্রম করা, সপ্তাহে অন্তত একবার রক্তে চিনির পরিমাণ নির্ণয় করে ওষুধের ডোজ নিয়ন্ত্রণ করা। আপনার রয়েছে বলে আপনার চার সন্তানেরই যে ডায়াবেটিস হবে, এমন কোনো কথা নেই। তারা যদি নিয়মিত কায়িক পরিশ্রম করে, শরীরের ওজন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখে এবং সঠিক ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস গড়ে তোলে, তাহলে তারা এ রোগ থেকে অনেকটাই নিরাপদ দূরত্বে থাকতে পারবে।
********************************
লেখকঃ ডা· মো· ফারুক পাঠান
সহযোগী অধ্যাপক
অ্যান্ডোক্রাইন মেডিসিন, বারডেম হাসপাতাল, ঢাকা
উৎসঃ দৈনিক প্রথম আলো, ০৩ অক্টোবর ২০০৭