- Home
- ক্যান্সার
- ব্রেস্ট ক্যান্সার
- স্তন ক্যান্সারঃ সচেতনতা জরুরি
স্তন ক্যান্সারঃ সচেতনতা জরুরি
- By Daily Prothom Alo
- ব্রেস্ট ক্যান্সার
-
Rating:




ইদানীং নারীরা স্তন ক্যান্সার নিয়ে কমবেশি চিন্তিত| বিশেষ করে স্তনে কোনো সমস্যা হলে ক্যান্সার ভেবে আতঙ্কিত হয়ে ওঠেন তাঁরা| সাধারণত স্তনে ব্যথা, চাকা অনুভব করা, বৃন্ত থেকে তরল বের হওয়া প্রভৃতি উপসর্গই ভীত করে তোলে মেয়েদের|
ক্যান্সার ছাড়াও স্তনে বিভিন্ন ধরনের রোগ হতে পারে| এমনকি কোনো রোগ না হলেও এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে| বিভিন্ন বয়সে ও সময়ে স্তনের আকার-আকৃতির পরিবর্তন হয়| ইস্ট্রোজেন, প্রজেস্ট্রেরন ও প্রোলেক্টিন হরমোনের প্রভাবে মেয়েশিশু পরিপূর্ণ নারীতে পরিণত হয়| মাসিকচক্রে পিরিয়ডের কয়েক দিন আগে ইস্ট্রোজেন, প্রজেস্ট্রেরনের প্রভাবে স্তন স্কীত হয়ে ওঠে এবং স্তনের গ্রন্থিকোষ থেকে নির্গত তরল গ্রন্থির লোবে সঞ্চিত হয়| তখন স্তনে ব্যথা অনুভব হয়| তবে এ ব্যথার মাত্রা সবার ক্ষেত্রে সমান নয়| আবার সব মাসেই সমান ব্যথা অনুভূত হয় না| পিরিয়ডের পরপর প্রায় সবারই স্তনের ব্যথা কমে আসে এবং গ্রন্থির লোবে জমে থাকা তরল গ্রন্থিকোষ টেনে নেয়| কখনো কখনো তা গ্রন্থিনালি (ডাক্ট) দিয়ে স্তনের বৃন্ত থেকে ঝরতে পারে| গর্ভকালীন ও শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের স্তনের পরিবর্তন হয়ে থাকে| বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইস্ট্রোজেন, প্রজেস্ট্রেরনের মাত্রা কমে যায় এবং মাসিকচক্রও বন্ধ হয়ে যায়| স্তনের গ্রন্থির পরিমাণ কমে যায় এবং আঁশজাতীয় টিসু সে স্থান পূরণ করে| আবার কারও কারও স্তন দুদিকে সমান নাও হতে পারে| স্তনের এসব পরিবর্তন স্বাভাবিক| এর ফলে স্তন বিভিন্ন সময় বিভিন্ন আকৃতির হয়ে থাকে এবং হাতের স্পর্শে একেক সময় একেক রকম মনে হতে পারে|
নিজের স্তন নিজে পরীক্ষা করার গুরুত্ব
নিজেকে জানা ও নিজের দেহের স্বাভাবিকতা বুঝতে শেখা স্তন ক্যান্সার বিষয়ে সচেতন হওয়ার প্রথম ধাপ| প্রতিমাসে নিজেই অন্তত একবার পরীক্ষা করলে নিজের স্তন সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে| যেমন এর আকার-আকৃতি, স্পর্শের অনুভূতি, দেহের স্বাভাবিকতা ইত্যাদি| ২০ বছর বয়স থেকেই এ অভ্যাস গড়ে তোলা উচিত| এতে স্তনের কোনো অস্বাভাবিকতা দেখা দিলে আপনি নিজে খুব সহজেই তা বুঝতে পারবেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন| তবে নিজে নিজে পরীক্ষা করার পদ্ধতিটি সঠিকভাবে জেনে নিতে হবে|
প্রতিমাসে স্তন পরীক্ষার তারিখ নির্ধারণ
প্রতিমাসে ঋতুস্রাব শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে এ পরীক্ষা করলে সবচেয়ে ভালো হয়| কারণ সে সময় স্তন কিছুটা হালকা হয়ে থাকে এবং ব্যথা কম হয়| যাঁদের মাসিক বন্ধ হয়ে গেছে বা জরায়ুতে অপারেশন হয়েছে, তাঁরা মাসের যেকোনো দিন পরীক্ষা করতে পারেন| মনে রাখার সুবিধার্থে যেকোনো একটি সুবিধাজনক তারিখ ঠিক করা যেতে পারে| যাঁরা জ্ননিয়ন্ত্রণ বড়ি সেবন করছেন, তাঁরা বড়ি শুরুর দিন এ পরীক্ষা করতে পারেন|
গর্ভকালীন নিজের স্তন নিজে পরীক্ষা করা
গর্ভকালীন অবস্থায় নিজেই স্তন পরীক্ষা করার অভ্যাস বজায় রাখতে হবে| তবে গর্ভকালীন প্রথম চেকআপের সময় চিকিৎসক বা স্বাস্থকর্মীর সহায়তায় স্তনও পরীক্ষা করাতে হবে| কারণ গর্ভকালীন স্তন অনেক পরিবর্তিত হয়|
পরীক্ষার স্থানের সীমানা স্তন টিসু ওপরের দিকে কণ্ঠহাড় থেকে নিচে ব্রা লাইন ও বুকের মধ্যভাগ থেকে বগলের নিচ পর্যন্ত বিস্তৃত| প্রতিমাসে নিজেকে নিজে পরীক্ষা করার সময় এই পুরো এলাকাটাই ভালোভাবে লক্ষ করতে হয়|
আয়নার সামনে দাঁড়িয়ে পর্যাপ্ত আলোয় প্রতিটি অবস্থায় নিজেকে লক্ষ করবেন এভাবে-
* দুই বাহু দেহের দুপাশে ঝুলিয়ে দাঁড়ান|
* দুই বাহু মাথার ওপরে বা পেছনে উঁচিয়ে ধরুন|
* দুই হাত কোমরে চেপে এমনভাবে দাঁড়াতে হবে, যাতে বুকের মাংসপেশি টানটান হতে পারে|
* হালকা করে স্তনের বৃন্ত চেপে দেখতে হবে, কোনো রকম রস বের হয় কি না|
যেসব বিষয় লক্ষ করবেন
* স্তনে বা বগলে নতুন কোনো চাকা অনুভব করা যায় কি না|
* স্তনের চাকা ও পুরোনো কোনো অনুভূতি পরবর্তী মাসিক হওয়ার পর অনুভব করা যায় কি না|
* স্তনের আকার, আকৃতি ও রঙের পরিবর্তন আছে কি না|
* স্তনের ত্বকের কোনো পরিবর্তন (শক্ত, পুরু বা কমলার খোসার মতো) আছে কি না|
* বৃন্ত দেবে গেছে কি না এবং বৃন্তে ব্যথা অনুভূত হয় কি না|
* স্তনবৃন্ত থেকে ঝরা তরলের রং কী এবং রক্ত বের হয় কি না|
এ ধরনের সমস্যা দেখা দেওয়ামাত্র চিকিৎসকের পরামর্শ নিতে হবে| যদিও এ ধরনের সমস্যা অধিকাংশ (৮০ থেকে ৯০ শতাংশ) ক্যান্সারের সঙ্গে সম্পর্কযুক্ত নয়|
স্পর্শ করে অনুভব করা
দুই অবস্থানে (বিছানায় শুয়ে ও গোসলের সময়) এ পরীক্ষাটি দুবার করতে হবে| বিছানায় শুয়ে পরীক্ষা করার সময় শরীরকে নরম রাখতে হয়| তাই চিৎ হয়ে শুয়ে কোমরের দিকটা সামান্য কাত করলে শরীর নরম বোধ হয়|
বিছানায় শুয়ে ডান স্তন পরীক্ষা করার সময় ডান কাঁধের নিচে ছোট বালিশ বা তোয়ালে ভাঁজ করে দিতে হবে, যাতে বুক ও স্তন মোটামুটি একই সমান্তরালে থাকে| তেমনিভাবে বাঁ স্তন পরীক্ষার সময়ও কাঁধের নিচে বালিশ ও তোয়ালে ব্যবহার করতে হবে|
গোসলের সময় হাতে সাবান মেখে পরীক্ষা করতে হবে| ডান স্তন পরীক্ষা করার সময় ডান হাত মাথার ওপর রেখে বাঁ হাত ব্যবহার করতে হবে এবং বাঁ স্তনের জন্য বাঁ হাত মাথার ওপর রেখে ডান হাত ব্যবহার করতে হবে|
হাতের সবচেয়ে সংবেদনশীল অংশ হচ্ছে আঙুলের প্যাড| তাই স্তন পরীক্ষার সময় মধ্যের তিন আঙ্গুল ব্যবহার করা হয়| কোনো অসংগতি থাকলে তা আঙ্গুলের স্পর্শে সহজেই অনুভূত হয়|
স্তনের তিনটি স্থানে এ পরীক্ষা করতে হবে| প্রথমে একটু হালকা চাপ (স্তনের ওপরের স্তর বোঝার জন্য), পরে আরও একটু ভারী চাপ (স্তনের মধ্যভাগ) এবং তৃতীয় পর্যায়ে বেশ জোরে চাপ দিয়ে (সবচেয়ে নিচের স্তর) স্তন টিস্যু-সংবলিত পুরো এলাকা পরীক্ষা করতে হয়| স্তন টিস্যুতে চাপ রাখা আঙ্গুলের প্যাড (ঘুরন্ত লাটিমের মতো) একটি অক্ষের ওপর কয়েকবার করে ঘুরিয়ে ঘুরিয়ে অনুভব করতে হয়| স্তন টিস্যু-সংবলিত পুরো এলাকা ছবির মতো করে পরীক্ষা করতে হবে|
প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়
* ৩০ বছর বয়স থেকে নিজের স্তন নিজে পরীক্ষা করতে শেখা এবং সারা জীবন তা চালিয়ে যাওয়া|
* ৩০ থেকে ৩৯ বছর বয়সী নারীরা প্রতি তিন বছরে একবার এবং চল্লিশোর্ধ্বরা প্রতিবছর একবার চিকিৎসককে দেখিয়ে শারীরিক পরীক্ষা করাবেন|
* চকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য পরীক্ষা-যেমন মেমোগ্রাফি, আলট্রাসনোগ্রাফি, এফএনএসি ইত্যাদি করাতে হবে|
*********************************
লেখকঃ ডা· পারভীন শাহিদা আখতার
অধ্যাপক, মেডিকেল অনকোলজি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
উৎসঃ দৈনিক প্রথম আলো, ২৪ অক্টোবর ২০০৭