পরামর্শঃ আমার মায়ের বয়স ৬০ বছর| দুই বছর আগে ঠান্ডা লাগায় তাঁর কাশি হয়| একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শে গলাসহ শরীরের বিভিন্ন অংশে পরীক্ষা করে কোনো সমস্যা পাওয়া যায়নি| কিছু ওষুধ খেয়ে তিনি মোটামুটি সুস্থ ছিলেন| কিন্তু আট-নয় মাস ধরে ভীষণ কাশি, সঙ্গে হালকা পিচ্ছিল কফ বের হতেই থাকে| দুই মাস ধরে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন| কিন্তু কাশি কিছুটা কমলেও আমার মায়ের মতে, মুখের ভেতর গলার ডান দিকে কাঁটা কাঁটা বেঁধে| ফলে অস্বস্তিতে কাশির সঙ্গে কফ বের হয়| গ্লøান্ড ফোলা নয়, ব্যথাও নেই| ওষুধ খাওয়ার পরও এ সমস্যা| পেটে কামড়ায় কিন্তু পায়খানায় কোষ্ঠকাঠিন্য| ইনহেলার স্প্রে করলে বুকে জ্বালা করে| বুকের শাঁ শাঁ শব্দ কমেছে| আগের শ্বাসকষ্ট নেই| আমার প্রশ্ন, মা কি যথাযথ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন? সঠিক ওষুধ খাচ্ছেন? না হলে কী করতে হবে? তিনি সম্পূর্ণ সুস্থ হবেন কি?
সায়মা
বোয়ালখালী, চট্টগ্রাম|
পরামর্শঃ আপনার মা সম্ভবত হাঁপানি রোগে ভুগছেন| এ জন্য তাঁকে নিয়মিত ফ্লুটিকাসন ও সালমেটেরলের কম্বিনেশন ওষুধ এবং ট্যাবলেট মন্টিলুকাস্ট, ট্যাবলেট থিওফাইলিন-জাতীয় ওষুধ ব্যবহার করতে বলুন| এ ছাড়া সালবিউটামল ইনহেলার প্রয়োজনে ব্যবহারের দরকার হতে পারে| কোষ্ঠকাঠিন্যের জন্য নিয়মিত শাকসবজি ও বেশি করে বিশুদ্ধ পানি খেতে হবে| আপনার মায়ের শ্বাসকষ্ট যদি এ চিকিৎসায় না কমে, তাহলে অবশ্যই বক্ষব্যাধি বিশেষজ্ঞের সঙ্গে দেখা করতে হবে|
**********************************
লেখকঃ অধ্যাপক ডা· মো· আলী হোসেন
মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।
উৎসঃ দৈনিক প্রথম আলো, ২৪ অক্টোবর ২০০৭