সমস্যাঃ আমার বয়স ২৭ বছর| উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি| ওজন ৬০ কেজি| কিছুদিন আগে আমি রক্তের চিনির মাত্রা ও রক্তচাপ পরীক্ষা করাই| সবকিছু স্বাভাবিক আছে|
ডায়াবেটিস নিয়ে কয়েকটি প্রশ্নের জবাব দিলে খুশি হব| ডায়াবেটিস কি শুধু বংশগত কারণেই হয়? রক্তের চিনির মাত্রার সঙ্গে খাদ্যাভ্যাসের সম্পর্ক কী? কীভাবে ডায়াবেটিস থেকে দূরে থাকা যায়?
এস এম জিয়াউল হাসান
শ্যামলী, ঢাকা|
পরামর্শঃ শুধু বংশগত কারণে ডায়াবেটিস হয় না| জমিতে শুধু বীজ দিলে যেমন গাছ হয় না, আলো-বাতাসও লাগে, তেমনি ডায়াবেটিসও শুধু বংশগত কারণে হয় না| সঙ্গে পারিপার্শ্বিক অবস্থার প্রভাবও থাকতে হয়| আমাদের খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রম বা খেলাধুলা, শরীরের ওজন প্রভৃতি ডায়াবেটিস হওয়া বা না হওয়ার ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে|
বিগত ২০ থেকে ২৫ বছরে আমাদের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে| ছোট-বড় সবার মধ্যেই এখন বেশি মাত্রায় উচ্চ ক্যালোরিযুক্ত খাবার ও ফাস্টফুড খাওয়ার প্রবণতা বেড়েছে| টাটকা শাকসবজি, ফলমূল খাওয়া হচ্ছে কম, কায়িক পরিশ্রম ও খেলাধুলা করা কমে গেছে| ফলে মানুষের ওজন বাড়ছে আশঙ্কাজনকভাবে| এ বিষয়গুলো ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে|
রক্তে চিনির মাত্রার সঙ্গে খাদ্যাভ্যাসের সম্পর্ক ডায়াবেটিসের রোগীর, সুস্থ লোকের জন্য নয়| ডায়াবেটিসের রোগীর শরীরে ইনসুলিন হরমোন তৈরি হয় না বা কম হয়|
ফলে তাদের আলাদাভাবে ইনসুলিন নিতে হয়| তাদের জন্য বিশেষ খাদ্যতালিকা তৈরি করতে হয় এবং খাওয়ার সময় নির্ধারণ করা হয় রক্তে চিনির মাত্রা ঠিক রাখার জন্য|
ডায়াবেটিস থেকে দূরে থাকার জন্য পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন| টাটকা শাকসবজি ও ফলমূল খান| সঙ্গে শরীরের ওজন নিয়ন্ত্রণ করা জরুরি| কায়িক পরিশ্রম বাড়ান| নিয়মিত হাঁটুন|
*****************************
লেখকঃ ডা· মো· ফারুক পাঠান
সহযোগী অধ্যাপক
অ্যান্ডোক্রাইন মেডিসিন, বারডেম।
উৎসঃ দৈনিক প্রথম আলো, ২৪ অক্টোবর ২০০৭